Saturday, September 26

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন ‘সাইবার সিকিউরিটি ইউনিট’

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। পদটি পুলিশ সদর দপ্তরে বিদ্যমান না থাকলে তা নতুন করে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই ইউনিটের কর্মপরিধি ও কাঠামো তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভাগ, মেট্রোপলিটন ও জেলা পর্যায়েও এর শাখা সম্প্রসারণ করা হবে। থানা ও জেলা পর্যায়ের দফতরগুলোতে থাকবে আধুনিক যন্ত্রপাতি। এ ছাড়া জটিল সাইবার অপরাধ অনুসন্ধানের জন্য আধুনিক ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় অন্যান্য কারিগরি সহায়তা হেডকোয়ার্টার্স ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে নতুন এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেসব অপরাধ মাঠপর্যায়ে সমাধান সম্ভব, সেগুলো সেখানেই সম্পন্ন হবে এবং জটিল বিষয়গুলো কেন্দ্রীয় ইউনিটে পাঠানো হবে।

সাইবার স্পেস কেন্দ্রিক ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান যুগে সাইবার অপরাধ ও ডিজিটাল স্ক্যাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা কোনো কোনো দেশে মোট অপরাধের প্রায় ৪৪ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। তাই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *