Thursday, November 12

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ক কর্মশালা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত পরিচর্যা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ বেঙ্গল খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায়, পানছড়ি সাবজোনের সহযোগিতায় এবং এসিআই লিমিটেডের ফ্রিডম ব্র্যান্ডের পরিচালনায় এ কর্মশালার আয়োজন করা হয়।

ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণবের (আরএমও, ১৮ ইবি) নেতৃত্বে আয়োজিত কর্মশালায় ১০ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং এ সময় প্রয়োজনীয় যত্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুজ্জামান আশিক, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স খাগড়াছড়ির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে এসিআই লিমিটেডের পক্ষ থেকে এক প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।

আয়োজকেরা জানান, বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক পরিবর্তন ও স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া জরুরি। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজেদের বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

সেনাবাহিনীর এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি জনপদে এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *