Saturday, September 26

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের সফল নিউইয়র্ক সফর সমাপ্ত করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সাথে রয়েছেন। ফ্লাইটটি দুবাই হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এবারের সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদান করেন। ২৪ সেপ্টেম্বর দেওয়া সেই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেন। ভাষণকালে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং থ্রি-আর (রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন) কৌশলের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঁচ দিনের এই সফরে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেন। তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, কুয়েতের ক্রাউন প্রিন্স এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনএইচসিআর প্রধান এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। বিশ্বব্যাংক ও ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদলের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ সম্ভাবনাও তুলে ধরেন তিনি।

সফরের অন্যতম সাফল্য হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে ‘সুস্থ বাংলাদেশ’ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যখাতে ১ লাখ নতুন কর্মী এবং ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের সরকারের পরিকল্পনার কথা আন্তর্জাতিক মঞ্চে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *