
|| নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেয় সরকার।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনের শর্তানুসারে, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ চলাকালীন তাঁর অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি পদে বহাল থাকবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান করতে হবে। অবশ্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার এখতিয়ার রাখেন।
অধ্যাপক মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব সামলে আসছিলেন।
উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি প্রদান করে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
