
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ নুরুল হক এলাকায় একজন সমাজসেবক ও বিপদের সঙ্গী হিসেবে পরিচিত লাভ করেছেন। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি সাধারণ মানুষের শেষ ভরসাস্থল হয়ে উঠেছেন।
স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সর্বক্ষণ জনগণের সেবায় নিয়োজিত থাকেন। এলাকায় কেউ অসুস্থ হলে কিংবা সামাজিক সংকটে পড়লে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান তিনি। আপদ-বিপদে সার্বক্ষণিক পাশে পাওয়ার কারণেই ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আস্থা অর্জন করেছেন নুরুল হক।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি নিজে প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করলেও ওয়ার্ডবাসী তাঁকেই পুনরায় জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা রক্ষায় তাঁরা নুরুল হককেই পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
৬ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ বাসিন্দা জানান, নুরুল হক নির্বাচন করতে আগ্রহী না হলেও এলাকার সার্বিক কল্যাণে তাকে আমরা পুনরায় প্রার্থী হিসেবে দেখতে চাই। তার মতো নিবেদিতপ্রাণ মানুষকেই জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন।
এ বিষয়ে স্থানীয় অধিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে মোঃ নুরুল হককে পুনরায় ইউপি সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জোর দাবি জানিয়েছেন।
