
|| নিজস্ব প্রতিবেদক ||
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ জাকির হুসাইনকে পাবনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার (২ আগস্ট) পাবনা আলিয়া মাদ্রাসা ও আদর্শ মহিলা কলেজের উদ্যোগে স্ব স্ব প্রতিষ্ঠানে আলাদাভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন পাবনা আলিয়া মাদ্রাসা ও আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এবং জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
আদর্শ মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কালাম আজাদ শিক্ষক মণ্ডলীকে সঙ্গে নিয়ে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অন্যদিকে পাবনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সহ-সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল এবং অধ্যক্ষ মাওলানা মোঃ আনছারুল্লাহ শিক্ষক মণ্ডলীকে সাথে নিয়ে তাঁকে সংবর্ধিত করেন।
পরবর্তীতে প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে যান। সেখানে অধ্যক্ষের কার্যালয়ে তিনি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল ও অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
অনুষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী এবং সদস্য ডা. জুবায়ের আহমেদসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
