Monday, August 3

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বৃদ্ধি

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন (৩৬,৪৬৯.৯৪ মিলিয়ন) মার্কিন ডলারে।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ (BPM6) অনুযায়ী বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৫ বিলিয়ন (৩১,৬৫১.৯৭ মিলিয়ন) মার্কিন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে মোট ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের (২.৪৭৮ বিলিয়ন ডলার) তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, কেবল জুলাই মাসের শেষ দুই দিনেই (৩০-৩১ জুলাই) প্রবাসী বাংলাদেশিরা ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। প্রবাসীদের পাঠানো আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *