Sunday, August 2

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ মোয়াজ্জেমের বিরুদ্ধে

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের আর্থিক হিসাব পরিচালনার জন্য ব্যাংকে নির্ধারিত অ্যাকাউন্ট রয়েছে। নিয়ম অনুযায়ী এই হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য পদাধিকারবলে মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষরের প্রয়োজন হয়।

অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান পরিচালনা কমিটির সিদ্ধান্ত বা কোনো অনুমোদন ছাড়াই সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেন। তিনি একটি ব্যাংকের চেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুয়া স্বাক্ষর বসিয়ে টাকা উত্তোলনের জন্য জমা দেন। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হলে স্বাক্ষর যাচাই-বাছাই করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদান বন্ধ রাখে এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করে।

ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল জায়গায় দায়িত্বরত ব্যক্তির এমন নৈতিক স্খলন ও জালিয়াতির খবরে স্থানীয় সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জালিয়াতির চেকের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, স্বাক্ষরে স্পষ্ট অসঙ্গতি ধরা পড়ায় টাকা প্রদান স্থগিত রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষটি জানানো হয়েছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “স্বাক্ষর জালের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। সরকারি চেকে স্বাক্ষর জালিয়াতি করা একটি মারাত্মক ফৌজদারি অপরাধ। অভিযুক্ত মোয়াজ্জেমের বিরুদ্ধে আইনগত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে; কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ঘটনার পর থেকে অভিযুক্ত মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান আত্মগোপনে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে তদন্তপূর্বক তার বিরুদ্ধে দ্রুত চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *