Wednesday, July 15

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের ১০টি বৃহৎ শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার বার্ষিক প্রতিবেদন প্রকাশের সময় বিএফআইইউর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। একই সঙ্গে দেশ থেকে পাচার হওয়া অন্যান্য সম্পদ উদ্ধারে জোরালো প্রক্রিয়া চলছে এবং চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে ভালো অগ্রগতি বা সুখবর দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলমত নির্বিশেষে যেকোনো সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে বিএফআইইউ কঠোর অবস্থান নিচ্ছে উল্লেখ করে সংস্থাটির প্রধান জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধে এমন অভিযোগ এলেও তা খতিয়ে দেখা হবে।

এদিকে প্রকাশিত প্রতিবেদনে দেশে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নজরদারি বৃদ্ধির চিত্র উঠে এসেছে। তথ্যমতে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বিএফআইইউতে মোট ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের প্রতিবেদন জমা পড়েছে, যার ৯৫ শতাংশই সম্পন্ন হয়েছে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে। এই সংখ্যাটি ২০২৩-২৪ অর্থবছরের (১৭,৩৪৫টি) তুলনায় ৭৪ শতাংশ বেশি এবং ২০২০-২১ অর্থবছরের (৫,২৮০টি) তুলনায় প্রায় ছয় গুণ বেশি, যা আর্থিক খাতে কঠোর নজরদারির সুস্পষ্ট প্রমাণ বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *