
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ মজিদা বেগমকে অন্তর্ভুক্তির মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, সমাজসেবা কার্যালয়ের কর্মচারী আমিনুল ইসলাম এবং সদ্য নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার জিহাদ চমকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন এ শুমারিতে মাঠকর্মীরা চিলমারীর প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ফরমের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করছেন। আগামী ৪৫ দিনব্যাপী এ তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।
সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে যোগ্য দরিদ্র পরিবারগুলোকে প্রদান করা হবে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো প্রতি মাসে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে নগদ অর্থ এবং ভর্তুকি মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী গ্রহণ করতে পারবেন।
