Sunday, August 9

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় ফিরেছে

|| নিজস্ব প্রতিবেদক ||

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩০৬’ ফ্লাইটের যাত্রীরা দেশে ফিরেছেন। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, রোমে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সারানোর পর যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি এবং পরে ঢাকায় অবতরণ করে।

এর আগে গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল ‘বিজি-৩০৬’ ফ্লাইটটি। কিন্তু শুক্রবার ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী দল প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে রোমে পৌঁছে মেরামতকাজ শেষ করার পর উড়োজাহাজটি সচল করা হয়।

ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তাদের বিমানবন্দরের টার্মিনালেই সময় কাটাতে হয়েছে। দীর্ঘ সময় ধরে অপেক্ষার কারণে সাময়িক ভোগান্তি পোহাতে হলেও অবশেষে যাত্রী ও ক্রুসহ সবাই নিরাপদে দেশে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *