
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বাতেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুব হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও আন্দোলনকারী যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শহীদদের এই আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সাহসিকতা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
