
দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদ চলাচল নিশ্চিতের আহ্বান- মানিকগঞ্জের ডিসি
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক নিয়াজ মোর্শেদ, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশান আরা, মানিকগঞ্জ সিআরপির অধ্যক্ষ মাহবুবুল ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান এবং প্রতিবন্ধী সংগঠন এমডিপিওডির পরিচালক এন্তাজ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের অন্যতম প্রধান সহায়ক উপকরণ। তাঁদের আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সাদাছড়ির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
তাঁরা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সড়ক পারাপারে তাঁদের সহযোগিতা করা, সাদাছড়ি ব্যবহারকারীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ দেওয়া এবং ফুটপাত ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বক্তারা ফুটপাত ও প্রয়োজনীয় স্থানে ট্যাকটাইল টাইলস স্থাপনসহ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল উপযোগী অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি, কাউন্সেলিং ও চলাচলের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।
পরে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। নিরাপদ চলাচল, সমান অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
