
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার বিকল্প নাই। ইসলাম না থাকার কারণে আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ও মানুষের জানমালের নিরাপত্তা নাই। ফলে পরাজিত ফ্যাসিস্ট ফিরে আসার মতো আস্ফালন দেখাচ্ছে। তাই আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও আলোচনা সভায় দেশবাসির প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই ইসলামী ঐক্য আন্দোলন একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে।

নেতৃবৃন্দ আরো বলেন, ভারতীয় আগ্রাসন মোকাবেলায় দেশের তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরাজিত ফ্যাসিস্ট যাতে ফিরে আসতে না পারে সে ব্যাপারেও সদাসতর্ক থাকতে হবে। সরকারকেও এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকার ব্যর্থ হলে ইনশাআল্লাহ তৌহিদী জনতা ব্যর্থ হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র্যালি ও পল্টনস্থ পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে বিকাল ৩ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান। পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঁঞা।

র্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে
আমীরদ্বয় মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন ও অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাছির, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারীদ্বয় মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আসআদুল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন ফরাজী, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তোহা মুহাম্মাদ নুরুল্লাহ, শ্রমবিষয় সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, মজলিসে শূরা সদস্য এফএম আলী হায়দার প্রমুখ।
এর আগে, এদিন সকাল ৯ টা থেকে ১২.৩০টা পর্যন্ত আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে মজলিসে শূরার অধিবেশনও অনুষ্ঠিত হয়।
