Thursday, October 15

কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‎‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

‎বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জমশেদ আলী সরকারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সার্বিক আয়োজনে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কাশেম সরকার, নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. আশরাফ হোসেন আপেল, কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস এবং কেদার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে গাছ কাটা ও বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
‎
‎এ সময় ‘সবাই মিলে গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান অতিথিরা।
‎
‎আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা পুরো আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে।
‎
‎বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *