Saturday, September 19

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল মতিন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মেধার বিকাশের পাশাপাশি উন্নত চরিত্র গঠন জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি। বৈষম্যহীন, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গঠনে মেধাবী তরুণদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের ঐক্য, নৈতিকতা ও দেশপ্রেম দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা আমির হাফেজ কামরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম, ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার ম্যানেজার মো. আলতাফ হোসেন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোশাররফ হোসেন ও জেলা বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকজন অভিভাবক ছাত্রশিবিরের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সংগঠনটি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে।

পরে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নব তরঙ্গ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *