
|| কুষ্টিয়া প্রতিনিধি ||
মুসলিম সাংবাদিকতার জনক ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আকরাম খাঁ -এর স্মরণে কুষ্টিয়ায় এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের একটি মাঠে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মাওলানা আকরাম খাঁর সাংবাদিকতা ও সমাজসেবামূলক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহমুদুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম, সেক্রেটারি খন্দকার আরিফ, সহ-সভাপতি আব্দুল মুন্তাকিম আল মারুফ, আরিফুল ইসলাম আরিফ, আহসান হাবিব ও শাকিল আহমেদসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে মাওলানা আকরাম খাঁর মুসলিম সাংবাদিকতা ও সমাজজাগরণে অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলমকে কাজে লাগিয়ে মাওলানা আকরাম খাঁ মুসলিম সমাজের জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও কর্ম থেকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শাখার সেক্রেটারি খন্দকার আরিফ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। মাওলানা আকরাম খাঁর স্মরণে এমন আয়োজনের মাধ্যমে তাঁর কর্ম ও আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রীতি ক্রিকেট ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও অনন্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
