
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে এবং খেলাধুলার প্রতি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে থানা পুলিশ। “মাদক ছাড়ুন, ক্রীড়া ধরুন” প্রতিপাদ্যে নাগেশ্বরী থানা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডি.এম. একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন নাগেশ্বরী থানা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার আদলে গঠিত দুই দলের খেলায় শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশ।
আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোর্শেদ। অন্যদিকে ব্রাজিল দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান।
নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলেন ম্যাচ। দারুণ নৈপুণ্য ও দলীয় সমন্বয়ের সুবাদে ব্রাজিল দল ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে জয় তুলে নেয়। মাঠে উপস্থিত দর্শকরা খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ, গোল এবং রক্ষণভাগের দৃঢ়তায় করতালি ও উচ্ছ্বাসে মুখর করে রাখেন পুরো পরিবেশ।
আয়োজকরা জানান, মাদকাসক্তি থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলার বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন। একই সঙ্গে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং দলগত চেতনা বিকাশেও এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা ভবিষ্যতেও জনসচেতনতামূলক বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে নাগেশ্বরী থানা পুলিশের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। খেলাধুলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির এই আয়োজন এলাকাবাসীর মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।
