শনিবার, জুন ১৩

চিলমারীতে স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী: প্রথম চিলমারী সিনিয়র আলিম মাদরাসা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রাম পালিত হয়েছে। বাংলাদেশ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর আয়োজনে এবং চিলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই ব্যতিক্রমী প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা চমৎকারভাবে উপস্থাপন করে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্ভাবন ও স্টার্টআপ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা ও নতুন উদ্যোক্তা (স্টার্টআপ) হওয়ার মানসিকতা তৈরি করবে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান, স্টল পরিদর্শন ও বক্তব্য পর্বে অংশ নেন কুড়িগ্রাম জেলা সহকারী ও চিলমারী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ই আলম বাদশাসহ আরো অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গবেষণামুখী ও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করে এবং বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করবে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞান ও উদ্ভাবনের এই আয়োজনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এতে বিচারকদের মূল্যায়নে “চিলমারী সিনিয়র আলিম মাদরাসা” প্রথম স্থান অর্জন করে। এছাড়া থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও শরীফের হাট এম,ইউ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর (শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান) হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন বিচক্ষন বিচারক মন্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *