বৃহস্পতিবার, এপ্রিল ৩০

মতিঝিলে র‍্যাবের অভিযানে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেপ্তার

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮টি মামলার দুর্ধর্ষ আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’ (৩৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল তাকে হেফাজতে নিতে সক্ষম হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেপ্তার বিদ্যুৎ মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

মামলার বিবরণ অনুযায়ী, বিদ্যুৎ মাতবরের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা এবং শরীয়তপুরের জাজিরা থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা সংক্রান্ত আরও ২৬টি মামলা রয়েছে। একাধিক পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন।

র‍্যাব আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর সিপিসি-৩ ক্যাম্পের সদস্যরা তার সঠিক অবস্থান শনাক্ত করে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *