শুক্রবার, মে ১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) বিকেলে বঙ্গভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক।” তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতির ভিত্তিতে প্রতিটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়-সমতল—প্রত্যেক নাগরিকের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সংহত করে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রাখেন।” তিনি আরও যোগ করেন যে, জাতির যা কিছু সাফল্য ও অর্জন, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত প্রয়াস।

বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি এবং যুদ্ধ-সংঘাতের প্রেক্ষাপটে সকলকে ধৈর্য্য, সংযম ও জাতীয় ঐক্য বজায় রাখার উদাত্ত আহ্বান জানান রাষ্ট্রপতি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান পুরোহিত ধর্মপ্রিয় মহাথেরসহ বৌদ্ধ ধর্মের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ধর্ম সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *