
|| নিজস্ব প্রতিবেদক ||
মহান মে দিবস উপলক্ষে আজ ১লা মে (শুক্রবার) বাদ আসর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘ইসলামে শ্রমিকের মর্যাদা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেন, বর্তমান বিশ্বজুড়ে এবং আধুনিক সমাজে শ্রমিকের অধিকার ও মর্যাদার কথা খুব জোরেশোরে বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, তথাকথিত এসব আধুনিক মতবাদ আসার বহু আগেই আজ থেকে চৌদ্দশ বছর আগে মহান ধর্ম ইসলাম শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। তাই প্রচলিত শোষণমূলক ব্যবস্থায় নয়, বরং শ্রমিকের ন্যায্য পাওনা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তথা ইসলামী সমাজব্যবস্থা কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন তার বক্তব্যের মূল অংশ জুড়ে কুরআন ও হাদিসের আলোকে শ্রমিকের উচ্চ মর্যাদা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক বিশ্ব যখন শ্রমিকের অধিকারের কথা চিন্তাও করতে পারেনি, তখন আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন— “মানুষ যা চেষ্টা করে, সে কেবল তা-ই পায়”। অর্থাৎ আল্লাহ তায়ালা মানুষের প্রতিটি শ্রম ও পরিশ্রমের সর্বোচ্চ স্বীকৃতি ও মূল্যায়ন বহু আগেই দিয়ে রেখেছেন।
রাসূলুল্লাহ (সা.)-এর একাধিক হাদিস স্মরণ করিয়ে দিয়ে প্রধান অতিথি বলেন, শ্রমিকের অধিকার সুরক্ষায় প্রিয় নবী (সা.) স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন— “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও”।
তিনি আরও বলেন, বিদায় হজের ঐতিহাসিক ভাষণে আল্লাহর রাসূল (সা.) অধীনস্থদের অধিকার নিশ্চিত করতে গিয়ে বলেছেন— “তোমরা নিজেরা যা খাবে তোমাদের অধীনস্থদেরও তা-ই খাওয়াবে এবং নিজেরা যা পরবে তাদেরকেও তা-ই পরাবে।”
প্রধান অতিথি আক্ষেপ প্রকাশ করে বলেন, আজ বিশ্বব্যাপী মে দিবস পালন করে শ্রমিকের অধিকারের গালভরা আওয়াজ তোলা হলেও শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। প্রচলিত কোনো মতবাদই শ্রমিকের অধিকারের প্রকৃত সুরক্ষা দিতে পারেনি। কেবল ইসলামই পারে মালিক ও শ্রমিকের মধ্যে ইনসাফপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন এবং মহানগরী দক্ষিণের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন।
বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথির বক্তব্যকে সমর্থন করে বলেন, মে দিবসের আনুষ্ঠানিকতা কেবল একদিনের মধ্যেই সীমাবদ্ধ। শ্রমজীবী মানুষের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই।
উক্ত আলোচনা সভায় ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দেশের মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করেন।
