সোমবার, মে ৪

পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি, পরাজয়ের পথে মুখ্যমন্ত্রী মমতাও

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে তৃণমূলের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে বিশাল জয়ের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের এই ভরাডুবির মাঝেই সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে দলীয় প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র থেকে। নিজের নির্বাচনী আসন ভবানিপুরে শোচনীয় পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।

সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ভবানিপুর আসনে ২০ রাউন্ড ভোট গণনার মধ্যে ১৯ রাউন্ড শেষেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। হাতে থাকা মাত্র এক রাউন্ডের গণনায় কোনো অলৌকিক চমক না ঘটলে পরাজয় কার্যত নিশ্চিত। এর আগে ২০২১ সালেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। পরবর্তীতে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীত্ব টিকিয়ে রাখলেও এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে।

রাজ্যের সামগ্রিক ফলাফল অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোট গণনা চলছে (একটি আসনে ভোট বাতিল করা হয়েছে)। এর মধ্যে ২০৮টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি।

অন্যদিকে, গতবারের দাপট হারিয়ে তৃণমূল কংগ্রেস মাত্র ৭৯টি আসনে জয় পেয়েছে। গণনার এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূল জমানার অবসান ঘটতে চলেছে। রাজ্যের রাজনৈতিক মানচিত্র এখন গেরুয়া শিবিরের দখলে, যা মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিয়ারে এক অভাবনীয় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রাক্কালে তাই রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *