
|| নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স ও এথিক্স অলিম্পিয়াড আয়োজন, ফার্সি সুফি সাহিত্য অনুবাদ ও গবেষণা প্রকাশ এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ‘সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী শিক্ষাবৃত্তি’ প্রদানের লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মোমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজহারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. মুহসিন মিয়া, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সবুর খান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক তানজিনা বিনতে নূর ও বাদল মিয়া এবং ডিআইআরআই-এর পক্ষ থেকে মহিউদ্দীন এনায়েত, মুহাম্মদ সোহেল চৌধুরী ও তন্ময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল কালাম সরকার এ ধরনের চুক্তি সম্পাদনের জন্য দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষা, সুফিবাদ বিষয়ক গবেষণা ও দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের যৌথ উদ্যোগ ও কোলাবোরেশন হওয়া অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে ডিআইআরআই-এর ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী এমন কাজের সুযোগ করে দেওয়ার জন্য ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিসহ বিভাগের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
