
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা নগরীর হরিণটানা থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে ইসলামনগর মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল/খাজা হলের বিপরীত গলির একটি বাড়ির পঞ্চম তলার মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তবে তিনি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক আজমলের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। তাদের কেউ কেউ নিজেদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তারা আজমলকে মারধর করেন। এ সময় তার মাথার চুলও কেটে দেওয়া হয় বলে জানা গেছে।
মারধরের একপর্যায়ে আজমল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত দেড়টার দিকে কয়েকজন যুবক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজমলকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দাবি করেন, চুরি করে পালানোর সময় তিনি ওপর থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়েছেন। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। এ ছাড়া তার মাথার চুল কেটে দেওয়ার চিহ্নও পাওয়া যায়। হাসপাতালে আজমলের মৃত্যুর খবর জানার পর তাকে নিয়ে আসা ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান বলে সূত্রটি জানায়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গভীর রাতে কয়েকজন যুবক চুরির অপবাদ দিয়ে আজমলকে মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনাটি তদন্তে পুলিশের একটি দল কাজ করছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
