Wednesday, July 29

চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের অব্যাহত তীব্র ভাঙন প্রতিরোধে ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত নদের তীরে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে কয়েক দফার আকস্মিক বন্যায় ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলমারীর ডান তীররক্ষা বাঁধ মারাত্মক ভাঙনের মুখে পড়ে। এতে কাঁচকোল বাজারের উত্তরে সড়কটারী, শিমুলতলী ও ময়নার খামার এলাকায় নদের পাড়ে বসানো কংক্রিটের ব্লক ও বোল্ডারের স্লোপ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়কটারী (মাগুরার বিল) মসজিদের কাছে বাঁধের প্রায় ৪০ শতাংশ অংশ বিলীন হওয়ায় কাঁচকোল ও আশপাশের এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক স্থানে ধস দেখা দেওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দারা ভিটেমাটি হারানোর আতঙ্কে রাত-দিন পাহারা বসিয়ে কাটাচ্ছেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মজনু, বাবলু, মতিয়ার ও জয়নাল জানান, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ১৬০ মিটারের বেশি ডান তীররক্ষা বাঁধ নদীগর্ভে চলে গেছে। উজান থেকে ধেয়ে আসা ধরলা, দুধকুমার ও তিস্তার পানির তীব্র স্রোতের কারণে এই ভাঙন অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করা হচ্ছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে মন্ত্রণালয়ে ১ হাজার ২০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক-শিক্ষার্থী, ফকিরেরহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ময়নার খামার যুব সংঘের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় শত শত ভুক্তভোগী মানুষ।

মানববন্ধন থেকে ব্রহ্মপুত্রের আগ্রাসী ভাঙন থেকে কাঁচকোল, সড়কটারী, শিমুলতলী, ময়নার খামার ও ফকিরেরহাট বাঁধসহ সমগ্র চিলমারী উপজেলাকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *