
কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় আয়োজিত এক মানববন্ধনে নিজেকে কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয়দানকারী শাহিনুর রহমান স্বপনের আচরণের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নাগেশ্বরী উপজেলা বিএনপি।
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
গতকাল সোমবার (২৮ জুলাই) উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মাহফুজুর রহমান সিদ্দিকী আঙ্গেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই কালীগঞ্জ ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে নাগেশ্বরী থানায় আয়োজিত মানববন্ধনে শাহিনুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাদের সামনে নিজেকে কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয় দিয়ে অসৌজন্যমূলক ও উচ্ছৃঙ্খল আচরণ করেন। ঘটনাটি জানার পর উপজেলা বিএনপি অভ্যন্তরীণ অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয় যে, উক্ত অপ্রীতিকর ঘটনার সঙ্গে উপজেলা বা ইউনিয়ন বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শাহিনুর রহমান স্বপন নিজেকে আহ্বায়ক দাবি করলেও বর্তমানে দলটির কোনো সাংগঠনিক পদে তাঁর সম্পৃক্ততা নেই।
দলটির ভাবমূর্তি ক্ষুণ্নকারী এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনকে উক্ত ব্যক্তির ভুয়া পরিচয় সম্পর্কে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে নাগেশ্বরী উপজেলা বিএনপি।
