Tuesday, July 21

ইবি পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভাগীয় শিক্ষকদের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সাক্ষাৎ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সিনিয়র শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল নবনির্বাচিত শাখা সভাপতি এস এম শামীমের নেতৃত্বে তারা এই সাক্ষাৎ করেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাছুদুল হক তালুকদার, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও সাবেক তালাবা নেতা প্রফেসর ড. মো. ময়নুল হক, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষকমণ্ডলীর সাথে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ছাত্রসংগঠনটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের মূল সনদ (Certificate) উত্তোলনের ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার কিছু কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে প্রায়শই অসৌজন্যমূলক ও অমার্জিত আচরণ করা হয় বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও সংযত, আন্তরিক এবং শিক্ষার্থী-বান্ধব আচরণ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তারা।

শিক্ষার্থীদের এই দাবি ও অভিযোগগুলো পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাছুদুল হক তালুকদার অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলোকে যৌক্তিক বলে অভিহিত করেন এবং এগুলো দ্রুত সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *