
|| স্পোর্টস ডেস্ক ||
পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করার এক অনন্য ইতিহাস গড়েছেন মাজ সাদাকাত।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিরুদ্ধে জ্যামাইকা কিংসমেনের হয়ে ৫৮ বলে ১১৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৮টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তাঁর এই ইনিংস। এর আগে টুর্নামেন্টের এলিমিনেটর পর্বেও ৪৯ বলে ১১২ রান করেছিলেন তিনি। ফলে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফাইনালের মঞ্চ মাতালেন এই পাক ব্যাটার।
সাদাকাতের এই ১১৪ রানের ইনিংসটি সিপিএলের ফাইনাল ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড। তিনি ছাড়িয়ে গেছেন ২০২০ সালের ফাইনালে লেন্ডল সিমন্সের করা ৪৯ বলে ৮৪ রানের রেকর্ডকে।
তবে ঐতিহাসিক এই শতকের পরও শিরোপা অধরাই থেকে গেছে সাদাকাতের দলের। জ্যামাইকার তোলা ৯ উইকেটে ১৭০ রানের জবাবে ২০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
চলতি সিপিএল মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন মাজ সাদাকাত। মাত্র ৭ ম্যাচে ৬০.৫০ গড় এবং ১৭৪.৫২ স্ট্রাইক রেটে ২টি শতকসহ মোট ৩৬৩ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি।
