
|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুই বিভাগের খেলা চলাকালীন শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে।
এতে দুই বিভাগের খেলোয়াড়সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের খেলার শেষ সময়ে আর এক মিনিট বাকি ছিল। শেষ সময় পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এগিয়ে ছিল ১-০ গোলে। একপর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের ডাগআউটে বল থ্রো-ইন হলে অ্যাকাউন্টিং বিভাগের একজন খেলোয়াড় বল আনতে যান।
এ সময় দর্শক সারি থেকে কেউ একজন ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে কটূক্তি বা কিছু বললে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।
দুই বিভাগের শিক্ষার্থী এবং দর্শকরা লাঠিসোঁটা, বাঁশ, গাছের ডাল দিয়ে সংঘর্ষে জড়ান। পরবর্তীতে খেলা আয়োজক কমিটি ও দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের চিকিৎসার জন্য ইবি মেডিকেলের নিয়ে যাওয়া হয়েছে।
ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার বদিউজ্জামান বলেন, ‘খেলাধুলার সময় মারামারিতে আহত ৫ জন আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাদের একজনের কেটে গেছে, একজনের মাথায় স্টিক লেগেছে। তাদেরকে ড্রেসিং করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হইছে। সবার অবস্থা মোটামুটি ভালো। বড় ধরনের কোন ইনজুরি নয় এটা।’
