
|| আন্তর্জাতিক ডেস্ক ||
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব তুলে দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমরা আমাদের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে হস্তান্তর করেছি।”
জেলেনস্কি উল্লেখ করেন, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ অবসানের লক্ষ্যে মস্কোর পরিকল্পনা পরিবর্তনে মার্কিন সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের পর চলতি বছরের শুরু দিকে যুক্তরাষ্ট্রসহ কয়েক দফায় শান্তি আলোচনা হলেও বর্তমানে তা থমকে আছে।
ভাষণে ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জেলেনস্কি আরও দাবি করেন, সেপ্টেম্বরে নির্বাচন শেষ হওয়ার পর রাশিয়া নতুন করে কয়েক লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা করছে। তাঁর মতে, পুতিন যুদ্ধকে জনগণের সমর্থনপুষ্ট হিসেবে দেখাতে চান এবং তথাকথিত নির্বাচনের পর বছরের শেষ নাগাদ ও আগামী বছর বিপুল সংখ্যক নাগরিককে দ্রুত সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে ইউক্রেনের এসব দাবি বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের কর্মকর্তা ও ক্রেমলিনের মুখপাত্ররা পূর্বে নিশ্চিত করেছেন যে, নতুন করে সেনাবাহিনীতে লোক নিয়োগ বা সেনা সমাবেশের কোনো প্রয়োজন বা পরিকল্পনা এই মুহূর্তে তাঁদের নেই।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
