
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) প্রথমবারের মতো ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের একটি বিশেষ রেক প্রস্তুত করেছে। বুধবার (১২ আগস্ট) এই রেকের আনুষ্ঠানিক উদ্বোধন বা ‘রোল আউট’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের যাত্রী চাহিদা ও পরিচালন ব্যবস্থার আলোকেই এসব কোচ বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। যাত্রীদের সুবিধার জন্য কোচে যুক্ত করা হয়েছে আধুনিক রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট, ফুটরেস্ট, সিসিটিভি নজরদারি, অ্যালার্ম সিস্টেম, শিশুপালনের বিশেষ কক্ষ ও নামাজের জায়গা।
কোচগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় এগুলোর ছাদ কাঠামো অত্যন্ত শক্তিশালী করে তৈরি করা হয়েছে, যেন অতিরিক্ত চাপ সহ্য করতে পারে। পাশাপাশি ইউরোপীয় ‘ক্র্যাশওয়ার্দি ডিজাইন’ প্রযুক্তির বডি শেল ব্যবহারের মাধ্যমে যেকোনো দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে। এছাড়া ভারতীয় ট্রেনের প্রচলিত ৭৫০ ভোল্টের বদলে বাংলাদেশ রেলওয়ের উপযোগী ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে এসব কোচে।
উল্লেখ্য, ২০১৫-১৬ সালে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহের মাধ্যমে দুই দেশের সম্পর্ক শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে ‘রাইটস’-এর মাধ্যমে আরও ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির কার্যাদেশ পায় কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি, যা সাতটি ভিন্ন ভ্যারিয়েন্টে বাংলাদেশকে সরবরাহ করা হবে।
