Monday, September 21

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

|| আন্তর্জাতিক ডেস্ক ||

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) আফগান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত প্রায় তিন মাস শান্ত থাকার পর এই হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের সীমান্তে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশের একটি বসতবাড়িতে পাকিস্তানি বিমান হামলায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত হন। এছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে পৃথক বোমা হামলা চালানো হয়েছে, যেখানে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় সশস্ত্র হামলায় ১৬ জন নিহতের কয়েক দিনের মাথায় এই ঘটনা ঘটল।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই দুই দেশের সীমান্ত পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে। পাকিস্তান সরকারের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে হামলা চালাচ্ছে। যদিও তালেবান সরকার শুরু থেকেই এই দাবি অস্বীকার করে এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে অভিহিত করে আসছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *