বুধবার, এপ্রিল ২৯

অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসের প্রথম পর্ব চলাকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অধিবেশন কক্ষেই অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে উদ্ধার করে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে দায়িত্বরত সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে জোহরের নামাজের বিরতি চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় প্রধানমন্ত্রী তার প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর লবিতে অবস্থানকালে জাতীয় সংসদের চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *