
|| আন্তর্জাতিক ডেস্ক ||
গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ ও কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে ইরান দাবি করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন সেনারা যেভাবে তাদের পণ্যবাহী জাহাজটি আটক করেছে, তা সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য। তেহরান এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
আমির সাঈদ ইরাভানি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার এবং এর পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সমুদ্রসীমা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে সাগরে টহলরত অবস্থায় মার্কিন নৌবাহিনী ইরানের ওই কার্গো জাহাজটি জব্দ করে। তেহরান মনে করে, ওয়াশিংটনের এমন উসকানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে পণ্য পরিবহনের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। এই পরিস্থিতিতে জাহাজটি ফেরত পেতে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ইরান।
