রবিবার, জুন ৭

হ্যাটট্রিকের পথে জনতার মেম্বার আমিনুল হক আকন্দ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনী লড়াইয়ে টানা দুইবারের সফল ইউপি সদস্য (মেম্বার) মোঃ আমিনুল হক আকন্দ এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে পুরোদমে মাঠে নেমেছেন।

সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও ‘ঘরের ছেলে’ হিসেবে পরিচিত আমিনুল হককে ঘিরেই এখন ২নং ওয়ার্ডের ভোটারদের মূল আকর্ষণ।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গত দুই মেয়াদে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আন্তরিকতা ও সেবার হাত বাড়িয়ে দিয়েছেন আমিনুল হক আকন্দ। সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের জন্মনিবন্ধন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও নাগরিক সেবায় সরাসরি অংশ নেন তিনি। যেকোনো দুর্যোগে ত্রাণ তৎপরতা, করোনাকালীন সহায়তা কিংবা সাধারণ মানুষের সুখ-দুঃখে সবার আগে ছুটে যাওয়ার কারণে ২নং ওয়ার্ডবাসীর কাছে তিনি এক আস্থার প্রতীক।

এছাড়া বাল্যবিয়ে রোধে জোরালো ভূমিকা রাখা এবং এলাকার বখাটেদের উৎপাত দমনে তাঁর তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয় নারী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছে।

উন্নয়ন ও সততার দিক থেকেও তিনি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ১০ বছরে ২নং ওয়ার্ডে নতুন রাস্তা, কালভার্ট ও গভীর নলকূপ স্থাপনসহ বয়স্ক ও বিধবা ভাতার তালিকা তৈরিতে শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছেন তিনি।

স্থানীয় মুরব্বি সুরুজ আলী বলেন, আগে নির্বাচনের পর জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যেত না, কিন্তু আমিনুল হক নিয়মিত খোঁজখবর নেন।

কলেজছাত্রী রাবেয়া আক্তার জানান, আমিনুল হক তাদের ওয়ার্ডের অভিভাবক, যাঁর কারণে তাঁরা এলাকায় নিরাপদ বোধ করেন।

এলাকাবাসীর একাংশের মতে, আসন্ন নির্বাচনে অর্থের প্রভাব খাটিয়ে ভোট কেনার চেষ্টা করা হলে তা সফল হবে না। কারণ ২নং ওয়ার্ডের মানুষ সততা, সাহস ও ভালোবাসার পক্ষে রায় দিতে একতাবদ্ধ। উন্নয়নের ধারা সচল রাখতে এবং সুখে-দুঃখে পাশে থাকা পরীক্ষিত এই জনপ্রতিনিধিকে আবারও বিজয়ী করে হ্যাটট্রিক উপহার দিতে শতভাগ প্রস্তুত ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *