
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
অন্যের জমিতে আশ্রিত এক চিলতে ঘর। ঘরে নেই বিদ্যুৎ, আছে শুধু নিকষ অন্ধকার আর তীব্র অভাব। সেই ঘরেই প্রতিবন্ধী ছেলে আর শরীরে ঘা-পচা রোগ নিয়ে মৃত্যুশয্যায় ছটফট করছেন এক বৃদ্ধা মা। টাকার অভাবে বন্ধ চিকিৎসা। এই করুণ ও মানবেতর চিত্র কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাচাইল গ্রামের।
সেখানের বাসিন্দা অসহায় নারী আম্বিয়া। নিজের ও সন্তানের পেটের ভাতের চেয়েও এখন তার বড় চিন্তা— বিছানায় পড়ে থাকা অসুস্থ মা। মায়ের এই মুমূর্ষু অবস্থায় দিশেহারা হয়ে আম্বিয়া আজ সমাজের বিত্তবান ও প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন। তিনি জানান, তিনি ভিক্ষা চান না, শুধু মায়ের জীবন ভিক্ষা চান।
আম্বিয়ার মায়ের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু অর্থাভাবে সেই উপায়টুকুও নেই এই অসহায় পরিবারের।
স্থানীয় সচেতন মহলের মতে, এই মুহূর্তে আম্বিয়ার মায়ের জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি ভিত্তিতে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, চিকিৎসা ও ওষুধপত্রের জন্য কিছু আর্থিক অনুদান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন হৃদয়বান মানুষের সরাসরি সহযোগিতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুধীমহল থেকে ইতিমধ্যেই তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসকের (DC) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রশাসন যদি দ্রুত এগিয়ে আসে এবং সাধারণ মানুষ যদি সামান্যতম সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবে হয়তো এই মায়ের জীবন বাঁচানো সম্ভব।
সচেতন নাগরিকদের মন্তব্য, আজ যদি আমরা চোখ ফিরিয়ে নিই, তবে এই মায়ের কোনো ক্ষতি হলে তার দায় আমাদের সমাজ এড়াতে পারবে না। “মানুষ মানুষের জন্য”— এই চিরন্তন সত্যটি প্রমাণ করার সময় এখনই। একটি শেয়ার, একটি ফোন কল কিংবা সামান্য কিছু আর্থিক সাহায্য বদলে দিতে পারে একটি পরিবারের ভাগ্য, নিভিয়ে দিতে পারে আম্বিয়ার চোখের জল। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় আম্বিয়ার মা সুস্থ হয়ে উঠবেন এবং আম্বিয়ার ঘরে আলো জ্বলবে।
সাহায্য ও যোগাযোগের মাধ্যম:
অসহায় এই মায়ের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আর্থিক সাহায্য পাঠাতে পারেন এই বিকাশ নম্বরে— 01739975388 (পারসোনাল)। ঠিকানা: সাচাইল গ্রাম, ২নং ওয়ার্ড, ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়ন, তাড়াইল, কিশোরগঞ্জ।
