বুধবার, জুন ১০

হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে কৃষকদের জন্য টিউবওয়েল স্থাপন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি মাঠের মধ্যে কৃষক, কৃষাণী ও পথচারীদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে বিনামূল্যে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ফলজ গাছ রোপণ ও দুই হাজার খেজুরের বীজ বপন করা হয়েছে।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরের হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ পানীয় জলের সংকট দূর করতে এবং পানিবাহিত রোগ কমাতে দেশব্যাপী বিনামূল্যে টিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (১০ জুন) উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা পশ্চিম কৃষ্ণপুর গ্রামীণ কৃষি মাঠের মধ্যে এই টিউবওয়েলটি স্থাপন করা হয়।

এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন ‘প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন’ ও ‘আমাদের ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ডা: মোহাম্মদ রাজু আহমেদ রুবেল। টিউবওয়েল স্থাপন ও বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা বাজারের আরিফ প্রিন্টার্সের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম, স্থানীয় গ্রামের স্বেচ্ছাসেবক মামুন মিয়া, রনি ইসলাম, শিমুল, নুহার ও ওমর ফারুকসহ অনেকে।

মাঠে টিউবওয়েল স্থাপনের পর উচ্ছ্বাস প্রকাশ করে পশ্চিম কৃষ্ণপুর গ্রামের বৃদ্ধ কৃষক আবুল হোসেন (৭০) জানান, “আমরা কৃষি কাজে সারাদিন মাঠে কাজ করি এবং গবাদিপশু পালন করি। কিন্তু মাঠে কৃষি কাজ করতে গিয়ে তীব্র গরমে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় অনেক সময় পানিবাহিত রোগসহ পানিশূন্যতায় ভুগি। তবে এই মানবিক সংগঠনটি আমাদের বিশাল কৃষি মাঠের মধ্যে একটি টিউবওয়েল স্থাপন করে দেওয়ায় আমাদের অনেক উপকার হবে। এখন থেকে আমরা সারাদিন মাঠে কৃষি কাজ করে বিশুদ্ধ পানির প্রয়োজন মেটাতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *