বুধবার, জুন ১০

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিস্কুট আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী মনিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী খাদিজা সুলতানা কেয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৭০ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় জনতা। পরবর্তীতে এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, নাগেশ্বরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দকৃত ডিম, রুটি ও বিস্কুট যথাযথভাবে বিতরণ না করে কিছু শিক্ষক-শিক্ষিকা নিজেদের বাসায় নিয়ে যাচ্ছেন। এর ফলে অনেক শিশু তাদের প্রাপ্য পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজা সুলতানা কেয়া সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে (তৎকালীন মহিলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদিকা) বিদ্যালয়ের স্লিপের টাকাসহ নানা অনিয়ম করেছেন বলে স্থানীয়রা জানান। অতীতে এসব বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চলমান এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণের এই কর্মসূচিতে যেকোনো ধরনের দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *