সোমবার, জুন ২২

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৪৪০ বাংলাদেশি

|| ধর্ম ডেস্ক||

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ১২১ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন।

আজ সোমবার (২২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, গতকাল ২১ জুন পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রীয় এই সংস্থাটি ৮৪টি ফ্লাইটে সর্বমোট ২৮ হাজার ৩৭১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ৫৮টি ফ্লাইটে ২২ হাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ৯৭ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে হজ পালনে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ৬৬৫টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ২৮ হাজার ২৮৬টি সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। গত ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় এবং আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *