
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বিশাল শ্রমিক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা শাহিনুর আলম। জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করলে সেখানে পুলিশ গুলি চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা পৃথিবীজুড়ে আন্দোলন শুরু হয় এবং শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মসময় ও মজুরি নির্ধারিত হয়। কিন্তু আজও শ্রমিকদের সঠিক পাওনা মালিকরা পরিশোধ করেন না। এ সময় তিনি নিম্নতম বেতন ২৫ হাজার টাকার দাবিতে গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমিকের আন্দোলন মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী শ্রম নীতি চালু হলে শ্রমিকদের সঠিক মজুরি এবং মূল্যায়ন দুটোই করা সম্ভব হবে। তারা আগামী দিনে সবাইকে ইসলামী শ্রম নীতি চালু করার জন্য উদাত্ত আহ্বান জানান।
এরপর সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে একটি সুন্দর শোভাযাত্রা সিরাজগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
