Monday, July 27

সংসদের অধিবেশন কক্ষে স্থাপিত হলো কালিমা তাইয়্যেবা লেখা ক্যালিগ্রাফি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

পবিত্র কালিমা তাইয়্যেবা খচিত আরবি ক্যালিগ্রাফিতে নতুন রূপে সেজেছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। সংসদের ভেতরে স্পিকারের চেয়ারের ঠিক বরাবর ওপরের দেয়ালে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) সম্বলিত এই দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় নবনির্বাচিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে এই পরিবর্তন আনা হলো।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ সচিবালয়ে দীর্ঘ সময় অফিস করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থানকালে তিনি সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম তদারকি করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সচিবালয়ে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম অফিস। এদিন অফিস চলাকালীন তিনি সংসদের মূল অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা সম্বলিত ক্যালিগ্রাফিটি স্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর বিকেলের মধ্যেই ক্যালিগ্রাফিটি নির্দিষ্ট স্থানে স্থাপন সম্পন্ন করা হয়।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম। নতুন সংসদের প্রথম যাত্রার ঠিক আগের দিন অধিবেশন কক্ষে এই ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ববহ ক্যালিগ্রাফি স্থাপন সংসদীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখা হচ্ছে। সংসদের ভেতরে প্রধানমন্ত্রীর দাপ্তরিক উপস্থিতি এবং এই ক্যালিগ্রাফি স্থাপনের মধ্য দিয়ে নতুন সংসদের অধিবেশনকে ঘিরে বিশেষ গুরুত্ব ও মর্যাদা প্রতিফলিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *