Thursday, September 10

নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময়‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিয়ে কৃষকদের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও বিভ্রান্তি নিরসনে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রকৃত সংকট চিহ্নিত করে দ্রুত সমাধানের কর্মপন্থা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুজবের কারণে যাতে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

‎সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আ. মোমেন, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা সভায় অংশ নেন।

‎সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবির ইউনিয়নভিত্তিক সার সরবরাহ, মজুত ও বিতরণ পরিস্থিতি তুলে ধরেন। কৃষকদের চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য, ডিলারদের কার্যক্রম এবং মাঠপর্যায়ে সার বিতরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎আলোচনায় বক্তারা বলেন, নাগেশ্বরীতে সার সংকট নিয়ে যে ধরনের আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে, তার বড় একটি অংশ গুজব ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে ছড়িয়েছে। তবে কোথাও যাতে প্রকৃতপক্ষে সার সংকট তৈরি না হয় এবং কোনো কৃষক ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগকে সতর্ক থাকতে হবে।

‎সভায় সার ডিলারদের মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ, অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ, কৃত্রিম সংকট বা মজুতদারির অভিযোগ দ্রুত যাচাই এবং ইউনিয়ন পর্যায়ে কৃষকদের প্রকৃত তথ্য জানানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

‎উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন ও কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনো গুজব বা ভুল তথ্যের কারণে কৃষক যেন প্রয়োজনের অতিরিক্ত সার কিনে মজুত না করেন, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে। একই সঙ্গে কোথাও প্রকৃত সমস্যা দেখা দিলে তা প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগ মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সার নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে কৃষকদের সঠিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

‎সভায় সার সংকটের সম্ভাব্য কারণ, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট নিয়ে বিভ্রান্তি তৈরি না হয়—এসব বিষয়ে উপস্থিত সবার মতামত নেওয়া হয়।

‎শেষে প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় আরও জোরদার করে কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *