
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, মোঃ জাহিদুল ইসলাম ১০৫ ভোট এবং কাজী শামিম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেল্লাল হোসেন সজল ৯৬ ভোটে বিজয়ী হন। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বশির হোসেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাকসুদূর রহমান (১০৭), কাজী মোতাহার রহমান (৮৮), মহেন্দ্র নাথ সেন (৮৬), মোঃ আনিস উদ্দিন (৮৩), সোহেল মাহমুদ (৮৩) এবং কে এম জিয়াউস সাদাত (৮৩)।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন খুলনা আঞ্চলিক
তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিতদের সমর্থক ও সদস্যদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নতুন নেতৃত্ব খুলনা প্রেসক্লাবের উন্নয়ন, ঐক্য ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন।
