Sunday, September 27

রায়গঞ্জে বদলির ফাঁদে ভূমি অফিস, ভোগান্তির শিকার উপজেলাবাসী

|| ড. গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের রায়গঞ্জে বদলির ফাঁদে আটকে গেছে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী।

জানা যায়, এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাসুদ রানা যোগদানের পর সপ্তাহের ব্যবধানে পূর্বের জমে থাকা প্রায় ১ হাজার ৫০০টি নামজারি নিষ্পত্তি করেন। কিন্তু কিছুদিন পরেই তাঁকে ৫ মাসের দীর্ঘ প্রশিক্ষণে যেতে হয়। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কানুনগো রকিবুল ইসলামও পদোন্নতি পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগদান করেন। এছাড়া পূর্বে দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার রাশেদুল হাসান লিখন বদলি হলে সার্ভেয়ার আলতাফ হোসেন যোগদান করেন। কিন্তু তিনিও দেড় মাসের মাথায় অন্যত্র বদলি হয়ে যান।

পরবর্তীতে ডেপুটেশনে থাকা কানুনগো রকিবুল ইসলাম পুনরায় রায়গঞ্জে যোগদান করলেও এক সপ্তাহের ব্যবধানে তিনি আবারও অন্যত্র বদলি হন। দীর্ঘ ৫ মাস প্রশিক্ষণ শেষে এসিল্যান্ড মাসুদ রানা রায়গঞ্জে কর্মস্থলে ফিরে এলেও মাত্র ২ দিনের ব্যবধানে তাঁকেও ঢাকা বিভাগে বদলি করা হয়।

বর্তমানে অফিসে নেই কোনো স্থায়ী এসিল্যান্ড, নেই কানুনগো কিংবা সার্ভেয়ার। তীব্র লোকবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা ভূমি অফিসের দৈনন্দিন কার্যক্রম।

সেবাগ্রহীতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে এ ধরনের লোকবল সংকট থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ও স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত এ অবস্থার অবসান ঘটিয়ে অফিসে পর্যাপ্ত জনবল পদায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *