
|| বাণিজ্য ও অর্থনীতি ডেস্ক ||
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের জ্বালানি তেলের দামই বেড়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে ৮৯.৬৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৯১ ডলারে। এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছিল, যা গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়।
বাজার বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ম্লান হতে শুরু করায় তেলের বাজারে অস্থিরতা বেড়ে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে শিল্পখাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কিছুটা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আল জাজিরা
