
|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতন করতে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ এইচ এম শামিম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং প্রতিকূল আবহাওয়ায় কৃষির সহনশীলতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।এসময় উপজেলার ৬টি ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই কংগ্রেসে কৃষকদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
