বুধবার, জুন ১৭

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মালয়েশিয়ায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন একটি লরির ধাক্কায় এক বাংলাদেশিসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির নর্থ-সাউথ এক্সপ্রেসওয়ের (দক্ষিণমুখী) ৪৯.৩ কিলোমিটার এলাকায় বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কুলাই জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার তান সেং লি এক বিবৃতিতে জানান, ঘটনার সময় একটি প্রোপেল রক্ষণাবেক্ষণ লরি সড়কের বাম পাশে মেরামত কাজ করছিল। ওই গাড়িতে সহকারী হিসেবে নিয়োজিত ছিলেন ৫৬ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক। এ সময় পেছন থেকে দ্রুতগামী অন্য একটি লরি এসে মেরামত করতে থাকা লরিটির ডান পাশের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়।

ভয়াবহ এই সংঘর্ষের ফলে মেরামত কাজে থাকা লরির চালক এবং বাংলাদেশি সহকারী দুজনেই মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, ধাক্কা দেওয়া লরিটির চালক ও তার সহকারীও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় কুলাই হাসপাতালে ভর্তি করেছেন।

মালয়েশীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *