
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে ঢাকা–আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার দক্ষিণ-পশ্চিমে মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঠাল গাছের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তারা দুজনই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
