
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||
পারস্পরিক শ্রদ্ধা, গভীর সহযোগিতা ও সুদৃঢ় আস্থার ভিত্তিতে বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সবসময়ই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং শান্তি ও সমৃদ্ধির পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে চায়।
গতকাল শুক্রবার (৬ মার্চ, ২০২৬) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
পবিত্র রমজান মাসের সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ইফতার আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান এবং ঐক্যের বার্তা বহন করে। একটি সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য এই মানবিক মূল্যবোধগুলোই প্রধান ভিত্তি।
বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আলোকপাত করেন। তিনি স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী।
ইফতারের পূর্বে প্রধানমন্ত্রী আমন্ত্রিত কূটনীতিকদের টেবিল ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সাথে একই টেবিলে ইফতারে অংশ নেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
কূটনীতিকদের মধ্যে প্রধানমন্ত্রীর টেবিলে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বীরাককোডি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, রাশিয়া, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকরা এই আয়োজনে যোগ দেন।
ইফতার মাহফিলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীবর্গ, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
